বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ৪৯ হাজার ৩১ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ১২৫টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।
শুক্রবার (৮ মে) ঢাকা হজ অফিস থেকে পাঠানো সবশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছান ২৩ হাজার ২০৩ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ৭৩৭ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ বছর এখন পর্যন্ত সৌদি আরবে গিয়ে দশজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে আটজন পবিত্র মক্কায় ও দুজন মদিনায় মারা গেছেন।
বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি যাত্রা করে ১৮ এপ্রিল। ওই দিন ৪১৮ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা শেষ হবে ১ জুলাই।

