‘জুলাই গণঅভ্যুত্থানকে যেমন ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে, তেমনি জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অন্য সকল অভ্যুত্থান ও গণআন্দোলনের সঙ্গে তুলনা করে ভুল করা উচিত নয়,’-বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতো সময় এখনো আসেনি।
তিনি লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের এক দফা ঘোষণায় রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছিল। কী হয়েছে, হয়নি- সে তর্ক দূরে রেখেই বলা যায়, এ রকম সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্রকল্প অন্য কোনো অভ্যুত্থান বা আন্দোলনে উত্থাপিত হয়নি। আর কোনো গণঅভ্যুত্থান এত বড় কল্পনা ও বিস্তৃতি ধারণ করতে পারেনি। অবশ্যই জুলাই গণঅভ্যুত্থান সকল গণতান্ত্রিক-সাংস্কৃতিক লড়াই থেকেই অনুপ্রেরণা নিয়েছে।
মাহফুজ আরও লিখেছেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল বাঙালির দীর্ঘ উপনিবেশবিরোধী লড়াইয়ের চূড়ান্ত মুহূর্ত। পূর্ব পাকিস্তানের আন্দোলনের নেতা-কর্মীরাই শেষ পর্যন্ত পাকিস্তানের উপনিবেশবাদী সামরিকতন্ত্র এবং সামন্তবাদী নাইট-নবাব-আশরাফদের পরাস্ত করেছে। ফলে, সকল ঐতিহাসিক ঘটনাকে এ জাতির চলমান লড়াই হিসেবে দেখলেই সব প্রজন্মের জন্য ভালো।
মাহফুজ আলম লিখেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণঅভ্যুত্থানের কোনো তুলনা নেই।

