সুতোয় ঝুলছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় থাকায় এবার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) এক জরুরি ভার্চুয়াল সভা শেষে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে—বাংলাদেশ যদি সিদ্ধান্ত না বদলায়, তবে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দশম আসর।
আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি বা ভেন্যু কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট করে, তবে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে সংস্থাটি।
সভায় ১৬ জন বোর্ড পরিচালকের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া বাকি সবাই বিসিবির দাবির বিপক্ষে এবং আইসিসির অনড় অবস্থানের পক্ষে ভোট দিয়েছেন।
আইসিসির নিয়মানুযায়ী, বাংলাদেশ যদি নির্ধারিত ভেন্যুতে খেলতে না যায়, তাহলে এর ফল হবে ভয়াবহ।
আইসিসি যদি বিসিবির নিরাপত্তাজনিত অজুহাতকে ‘যৌক্তিক নয়’ বলে মনে করে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বা পরবর্তী বিশ্বকাপ থেকেও বাংলাদেশকে সাময়িক নিষিদ্ধ করা হতে পারে।
এ ছাড়াও বিশ্বকাপে না খেললে র্যাঙ্কিংয়ে বড় ধস নামবে। ফলে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলা অনিশ্চিত হয়ে পড়বে এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাইপর্ব খেলে আসতে হবে।
আইসিসি মুখপাত্র বলেন, আইসিসি স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকদের মাধ্যমে যাচাই করে দেখেছে যে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তাই শেষ মুহূর্তে সূচি পরিবর্তন সম্ভব নয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তারা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন