নিউজিল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় শিবিরে এখন একটাই প্রশ্ন—একাদশে কি রাখা হবে ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীকে? টুর্নামেন্ট জুড়ে অফ-ফর্মে থাকা এই স্পিনারকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা যখন দ্বিধাবিভক্ত, তখন তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক বোলিং কোচ ভরত অরুণ।
চলতি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স মোটেও তার নামের প্রতি সুবিচার করছে না। এখন পর্যন্ত ১৩টি উইকেট নিলেও তার ইকোনমি রেট ৮.৮৫, যা তার ক্যারিয়ারের স্বাভাবিক ইকোনমি (৭.৭৫) থেকে বেশ বেশি।
বিশেষ করে সহযোগী দেশগুলোর বিপক্ষে করা পারফরম্যান্স বাদ দিলে, বড় দলগুলোর সামনে তিনি বেশ খরুচে প্রমাণিত হয়েছেন। সুপার এইট পর্ব থেকে তার ডট বলের শতাংশ ৪৫.৮ থেকে কমে ২৬ শতাংশে নেমে এসেছে, যা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
এমনকি ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষেও সাম্প্রতিক পরিসংখ্যান বরুণের বিপক্ষে কথা বলছে। বিশ্বকাপের আগের সিরিজে কিউই ব্যাটাররা তার ১২ ওভারে ১০৮ রান তুলে নিয়েছিলেন।
এ নিয়ে তবে ভরত অরুণ বলেন, কুলদীপ যাদবকে দিয়ে তাকে প্রতিস্থাপন করা ঠিক হবে না। তার মতে, বরুণ যখনই রক্ষণাত্মক হয়ে অফ-স্টাম্পের অনেক বাইরে বল করার চেষ্টা করছেন, তখনই তিনি মার খাচ্ছেন।
সাবেক এই বোলিং কোচ বরুণকে পরামর্শ দিয়ে বলেন, ওকে নিজের শক্তিতে অটুট থাকতে হবে। ওর মূল শক্তি হলো স্টাম্পে আক্রমণ করা। আপনি যদি রিংয়ে মার না খাওয়ার ভয়ে নামেন, তবে আপনিই সবচেয়ে বেশি মার খাবেন।
বরুণের ক্ষেত্রেও তাই হচ্ছে। ও যদি স্টাম্প লক্ষ্য করে আক্রমণাত্মক বোলিং করে, তবে রান দিলেও উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা প্রতিপক্ষকে চাপে ফেলবে।
এদিকে ভারতের বোলিং ইউনিটে জাসপ্রিত বুমরাহর ভূয়সী প্রশংসা করেছেন ভরত অরুণ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বুমরাহর করা ১৮তম ওভারটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে তিনি মনে করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন