ফুটবল মাঠে তাদের রসায়ন দীর্ঘদিনের। বার্সেলোনা থেকে পিএসজি—সবখানেই তাদের বন্ধুত্ব ছিল আলোচনার কেন্দ্রে। এবার প্রিয় বন্ধু নেইমার জুনিয়রকে আবারও বিশ্বমঞ্চে দেখার জোরালো ইচ্ছা প্রকাশ করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নেইমারের ফেরা নিয়ে করা মেসির এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ‘লো দেল পোলো’ নামক এক অনুষ্ঠানে নেইমার প্রসঙ্গে ইন্টার মিয়ামি অধিনায়ক বলেন, আমি আসলে বস্তুনিষ্ঠ হতে পারছি না, কারণ নেইমার আমার খুব কাছের বন্ধু।
বিশ্বকাপ জয়ী এই তারকা আরও জানান, ফুটবলের সর্বোচ্চ আসরে নেইমারের থাকাটা শুধু ব্রাজিলের জন্য নয়, বরং গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্যই আনন্দের বিষয় হবে।
নেইমারের প্রতি নিজের শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি মন থেকে চাই ও বিশ্বকাপে থাকুক। ওর সাথে দারুণ কিছু ঘটুক, কারণ ও সত্যিই এটা পাওয়ার যোগ্য।
মেসি আরও যোগ করে জানান, বিশ্বকাপে আমরা সবসময় সেরা খেলোয়াড়দেরই দেখতে চাই। নেইমার যেমন অবস্থাতেই থাকুক না কেন, সে সবসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই বিবেচিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন