ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে জয় নিশ্চিত করার পথে এগিয়ে যায় সেলেসাওরা। দলের এই বড় জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্ছ্বাসে মেতে ওঠেন ব্রাজিল সমর্থকেরা।
খেলা চলাকালে টিএসসিতে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল এবং একের পর এক গোলের সুযোগ সৃষ্টি দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে তোলে।
ব্রাজিল সমর্থক আব্দুর রহমান বলেন, শুরু থেকেই দলটি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। একটি গোল অফসাইডের কারণে বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট বলেও জানান।
আরেক সমর্থক সাজিদ বলেন, তারকা ফুটবলার নেইমারের অনুপস্থিতি কিছুটা অনুভূত হলেও দলের অন্য খেলোয়াড়রা সেই ঘাটতি পুষিয়ে দিয়েছেন। কুনহা, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র শুরু থেকেই ভালো খেলেছেন এবং দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ব্রাজিলের এই জয় বিশ্বকাপের গ্রুপ পর্বে দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে বলে মনে করছেন সমর্থকেরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন