পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। শুক্রবার (২০ জুন) পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে ৬১ হাজার ৬৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।
হজ অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে। অবশিষ্ট হজযাত্রীরাও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাওয়া ৫৭ হাজার ৩৭৮ জন হাজি ইতোমধ্যে দেশে ফিরেছেন।
এয়ারলাইন্সভিত্তিক হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদিয়া এয়ারলাইন্সে ২১ হাজার ৬৫২ জন, ফ্লাইনাসে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৪ হাজার ১০ জন হজযাত্রী দেশে ফিরেছেন।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনে জানানো হয়েছে, এ বছর ৪১৫ জন বাংলাদেশি হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ২৪৯ জন হাজিকে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সহায়তা দেওয়া হয়েছে।
চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট। এরপর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পেয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন