দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর ফাইনাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বালিকা বিভাগে ময়মনসিংহের আঁচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২০ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা দুটি করে মোট চারটি দল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি উপস্থিত হলে দুই শিশু ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায় এবং মাথায় ক্যাপ পরিয়ে দেয়।
প্রতিযোগিতার অংশ হিসেবে এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিসর বিবেচনায় এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে চারটি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন