লিওনেল মেসির ভারত সফর শেষ হলেও তার নামকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক থামেনি। এবার ভারতের সাবেক ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী কলকাতার একটি আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানকে ঘিরে সৌরভ গাঙ্গুলীর নাম জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করা হয়েছে।
সাক্ষাৎকারে দাবি করা হয়, অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভিডিও এবং সব ধরনের কনটেন্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার এবং মানসিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতির জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিও করা হয়েছে।
সৌরভ গাঙ্গুলী জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনে সম্মান ও সুনাম অর্জন করেছেন। এই ধরনের মিথ্যা প্রচারণা তার ব্যক্তিগত মর্যাদা ও মানসিক শান্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, মানহানিকর ভিডিও ইতোমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি সৌরভ গাঙ্গুলীর আইনি পদক্ষেপ সম্পর্কে অবগত হয়েছেন, তবে এখনো আনুষ্ঠানিক নোটিশ পাননি। নোটিশ পাওয়ার পর তিনি আইনগতভাবে জবাব দেবেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন