বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটা সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি নয়, তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য ভালো অভিজ্ঞতা ও প্রস্তুতির সুযোগ হবে।
আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর পর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল বেঙ্গালুরুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বিপিএলের শীর্ষ চারে ওঠা ব্যর্থ খেলোয়াড়রাও লিগ শেষে সরাসরি বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।
বুলবুল আরও বলেন, আমাদের কাজ হলো ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা। নিরাপত্তা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা জরুরি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোও নিজেদের দায়িত্ব পালন করবে।
এদিকে আজ বিসিবি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভায় ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের আওতায় পুনর্গঠিত অর্গানোগ্রাম অনুমোদনের বিষয়টি আলোচনার জন্য উঠে আসবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন