মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের সমালোচনা নতুন কিছু নয়। মন্থর গতি আর অতিমাত্রায় স্পিনবান্ধব উইকেটের কারণে প্রায়ই এই ভেন্যুকে ‘নিম্ন মানের’ তকমা পেতে হয়।
তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে সেই চেনা দৃশ্যপটে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সিরিজ শুরুর আগের দিন মিরপুরের উইকেট নিয়ে এবার ইতিবাচক সুর শোনা যাচ্ছে দুই শিবিরেই।
বুধবার (১১ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজকে সামনে রেখে মিরপুরের উইকেট পরিদর্শন করেছেন উভয় দলের কোচ ও প্রতিনিধিরা।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের পাশাপাশি পাকিস্তানের কোচ মাইক হেসনও এবারের উইকেট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিসিবি সূত্রে জানা গেছে, এবার কেবল স্পিন নয়, ব্যাটাররা যেন স্বচ্ছন্দে শট খেলতে পারেন এমন উইকেটের দিকেই নজর দেওয়া হচ্ছে।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অবশ্যই ভালো উইকেটে খেলবো। বিশ্বের যে দেশই খেলুক না কেন, সবাই চেষ্টা করে হোম সুবিধাটা নিতে। আমরা এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সেটা করেছি। তবে এবার আমরা চেষ্টা করবো ব্যাটাররা যেন আত্মবিশ্বাস পায় এবং অনেক রান করতে পারে।'
এই সিরিজটি বাংলাদেশের জন্য কেবল ঘরের মাঠে লড়াই নয়, বরং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিতের বড় চ্যালেঞ্জ। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে অবস্থান করছে।
নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে র্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।


