আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক ‘ভাইরাল’ বিতর্কে নাম জড়াল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার মধ্যে নতুন করে তিক্ততা তৈরির যে গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, হার্দিক পান্ডিয়া ম্যানেজমেন্টকে জানিয়েছেন যে, পারফরম্যান্সের ক্ষেত্রে তিনি রোহিত শর্মার প্রতি কোনো শিথিলতা দেখাবেন না।
ওই পোস্টে আরও অভিযোগ করা হয়, রোহিতের গত কয়েক বছরের ব্যাটিং স্ট্রাইক রেট ও রান নিয়ে ম্যানেজমেন্ট অসন্তুষ্ট এবং হার্দিক নাকি রোহিতকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন।
২০২৪ সালে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার পর থেকেই এই দুই তারকার ভক্তদের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলে আসছিল। ফলে এই নতুন গুজবটি আগুনের মতো ছড়িয়ে পড়ে।
গুজব যখন তুঙ্গে, তখন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মাত্র দুই শব্দের একটি রিপ্লাই দিয়ে সব জল্পনার ইতি টানে। হার্দিক পান্ডিয়ার একটি হাসিমুখের জিফ শেয়ার করে তারা লেখে ‘কুছ ভি!’ (যা খুশি তাই!)।
পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির একজন উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই ঝামেলার খবরের কোনো সত্যতা নেই। রোহিত শর্মা এই দলের অন্যতম স্তম্ভ এবং হার্দিকের প্রতি সিনিয়র ক্রিকেটারদের পূর্ণ সমর্থন রয়েছে।
প্রাক-মৌসুম অনুশীলনে রোহিত ও হার্দিককে আলাদা সেশনে দেখা যাওয়ায় ভক্তরা সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে ম্যানেজমেন্ট স্পষ্ট করেছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শেষ করে আসা ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই আলাদা সূচিতে অনুশীলন করানো হচ্ছে।
গুজবে রোহিতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি আইপিএলে এখন পর্যন্ত ৭,০৪৬ রানের মালিক। গত ২০২৫ মৌসুমেও তিনি ১৫ ম্যাচে ৪১৮ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে ৫,৮৭৬ রান করে তিনি এখনো দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।


