ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরে আজ এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ঘরের মাঠের দল কলকাতা নাইট রাইডার্স এবং শক্তিশালী লখনৌ সুপার জায়ান্টস।
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে টুর্নামেন্টের ১৫তম এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিঙ্কা রাহানের নাইটদের। অন্যদিকে, ঋষভ পন্থের নেতৃত্বে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লখনৌ।
ঘরের মাঠে কেকেআরের জন্য এই ম্যাচটি এক প্রকার অস্তিত্ব রক্ষার লড়াই। আসরের প্রথম দুই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা।
আজকের ম্যাচে বিশেষ করে ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সমর্থকরা। বল হাতে মাঝের ওভারে রান আটকে রাখতে বড় ভরসা অভিজ্ঞ সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী জুটি।
প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ঋষভ পন্থের নেতৃত্বে দলটির মিডল অর্ডার বেশ শক্তিশালী, যেখানে রয়েছেন এইডেন মার্করাম ও নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটাররা।
লখনৌয়ের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি। পরিসংখ্যান বলছে, দুই দলের আগের ছয়টি দেখায় লখনৌ জিতেছে চারটিতে।
ইডেন গার্ডেনসের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক হলেও এখানে স্পিনারদের জন্য হালকা টার্ন ও বাউন্স থাকে। তবে সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ শুরু হওয়ায় ‘শিশির’ বা ডিউ ফ্যাক্টর বড় পার্থক্য গড়ে দিতে পারে।
যে কারণে টসজয়ী অধিনায়ক আজ ফিল্ডিং করার সিদ্ধান্তই বেশি নিতে পারেন। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও আর্দ্রতা থাকবে বেশি, যা দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন করে তুলবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন