বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনা নিয়ে গত কয়েক মাসে অনেক আলোচনা হলেও তার কোনো বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের বর্তমান সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, সাকিব ইস্যুতে আন্তরিক প্রচেষ্টার চেয়ে সস্তা প্রচার বা ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সাকিবের দেশে ফেরা ও বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন এমন মন্তব্য করেন। সাকিবকে নিয়ে গণমাধ্যমে অতি-চর্চা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাকিবের ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিঠুন বলেন, সাকিবের দেশে ফেরা সম্ভব—আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
সাকিবকে নিয়ে গত কয়েক মাসে নানা মহলের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে কোয়াব সভাপতি বলেন, এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে।
অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন। কিন্তু তাকে ফেরানোর জন্য যে ধরনের কার্যকর পদক্ষেপ দরকার ছিল, তা দেখা যায়নি।
মিঠুন আরও বলেন, ফাঁপা কথা না বলে যদি সত্যিই কেউ তার জন্য কিছু করতে চান, তবে সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক পথে তার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা উচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন