আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে গেলেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে অনড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক এই সংসদ সদস্যের বিশ্বাস, সুযোগ পেলে মাগুরার মানুষ আবারও তাকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার তার রাজনৈতিক ভবিষ্যৎ ও দলীয় আনুগত্য নিয়ে খোলামেলা কথা বলেন। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে জয়ী হয়েছিলেন সাকিব। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সংসদের স্থায়িত্ব ছিল মাত্র সাত মাস।
সাকিবের দাবি, এবারের নির্বাচনেও তিনি লড়তে চেয়েছিলেন। নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তার জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই।
সাক্ষাৎকারে সাকিব জানান, আমি তো এবারের নির্বাচন করতেও আগ্রহী ছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে তো নির্বাচন করতে দেবেই না। এছাড়া দলেরও একটা সিদ্ধান্ত থাকে। নাহলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে নির্বাচন করলেই আমি জিতব।
মাগুরার ভোটারদের নিয়ে নিজের আবেগ ও পরিকল্পনার কথা জানিয়ে সাকিব আরও বলেন, মাগুরার মানুষের জন্য সারাটা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করব, তাতে আর বারবার করা লাগবে না।
তিনি আরও জানান, মাগুরার মানুষের সেবা করার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা এখনও শেষ হয়ে যায়নি।
৫ আগস্টের পর থেকে দেশের বাইরে থাকা সাকিবের বিরুদ্ধে মামলা ও আইনি জটিলতা থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতেই প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন