টানা দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে প্রতি বছরই কোনো না কোনো রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব বদলেছে, লিগ বদলেছে, বয়স বেড়েছে—কিন্তু গোল আর হ্যাটট্রিক যেন তার ক্যারিয়ার ছাড়েনি কখনোই। তবে ২০২৫ সাল শেষে এসে সেই দীর্ঘ অভ্যাসেই ঘটল পরিবর্তন।
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে ২০২৫ সালে পারফরম্যান্সের দিক থেকে ব্যর্থ ছিলেন না রোনালদো। ৪০ বছর বয়সেও নিয়মিত গোল করেছেন, ম্যাচের ভাগ্য গড়েছেন এবং দলের আক্রমণের প্রধান ভরসা হিসেবেই ছিলেন।
কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন এক গল্প—এই প্রথমবারের মতো একটি পূর্ণ ক্যালেন্ডার বছরে কোনো অফিসিয়াল প্রতিযোগিতায় হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।
২০১০ সাল থেকে শুরু করে টানা ১৬ বছর—প্রতি বছরই অন্তত একটি করে প্রতিযোগিতামূলক হ্যাটট্রিক ছিল রোনালদোর নামের পাশে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং পর্তুগাল জাতীয় দল—সব জায়গাতেই এই অবিশ্বাস্য ধারাবাহিকতা ধরে রেখেছিলেন তিনি।
২০২৫ সালে এসে সেই ধারার ইতি ঘটে। যদিও আগস্ট মাসে প্রাক-মৌসুম প্রস্তুতির সময় পর্তুগিজ ক্লাব রিও আভের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ওই ম্যাচে আল-নাসর ৪-০ গোলে জয় পায়। তবে ম্যাচটি ক্লাব ফ্রেন্ডলি হওয়ায় অফিসিয়াল পরিসংখ্যানে সেটি অন্তর্ভুক্ত হয়নি।
মেসির ব্যতিক্রমী ধারাবাহিকতা
এখানেই আলোচনায় আসেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা এখনো ধরে রেখেছেন নিজের ব্যতিক্রমী ধারাবাহিকতা। ২০০৯ সাল থেকে শুরু করে প্রতি বছরই অন্তত একটি করে অফিসিয়াল হ্যাটট্রিক করেছেন তিনি।
২০২৫ সালের অক্টোবরে এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি পূর্ণ করেন নিজের ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। এর ফলে সবচেয়ে দীর্ঘ সক্রিয় হ্যাটট্রিক ধারার মালিক হিসেবে এখন শীর্ষে রয়েছেন তিনি।
তবে এই পরিসংখ্যান রোনালদোর অর্জনকে খাটো করে না। বরং এটি আরও স্পষ্ট করে তোলে—১৫ থেকে ১৬ বছর ধরে প্রতি বছর হ্যাটট্রিক করা কতটা অসাধারণ এবং প্রায় অবিশ্বাস্য একটি কীর্তি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন