২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসের কম সময় বাকি। এর মধ্যেই প্রকাশিত হলো নতুন বছরের প্রথম ফিফা র্যাঙ্কিং আপডেট। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস (এফকন) শেষ হওয়ার পর এই র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে।
বিশেষ করে আফ্রিকান দলগুলোর র্যাঙ্কিংয়ে বড় উত্থান ঘটলেও ইউরোপ ও আমেরিকার শীর্ষ দলগুলোর অবস্থানে বড় কোনো পরিবর্তন হয়নি।
সর্বশেষ আপডেটে লিওনেল মেসির আর্জেন্টিনা ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল—দুই দলই নিজেদের অবস্থান ধরে রেখেছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন, তাদের পয়েন্ট ১,৮৭৭.১৮। খুব কাছাকাছি দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা (১,৮৭৩.৩৩ পয়েন্ট)। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স (১,৮৭০ পয়েন্ট)।
পর্তুগাল রয়েছে ষষ্ঠ অবস্থানে, তাদের পয়েন্ট ১,৭৬০.৩৮। তারা সামান্য ব্যবধানে পিছিয়ে আছে ব্রাজিলের (১,৭৬০.৪৬) তুলনায়। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।
আগামী মার্চে আন্তর্জাতিক উইন্ডোতে মেসি ও রোনালদোর আবার মাঠে ফেরার কথা রয়েছে। তখনকার ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে।
এফকন শেষ হওয়ায় আফ্রিকান দলগুলোর মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে মরক্কো। ফাইনালে ওঠার সুবাদে তারা পেয়েছে ২০.২৩ পয়েন্ট এবং ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের টপ টেনে জায়গা করে নিয়েছে।
ডিসেম্বরে যেখানে মরক্কোর অবস্থান ছিল ১১ নম্বরে, সেখান থেকে তিন ধাপ এগিয়ে তারা এখন অষ্টম স্থানে। এতে করে বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া পিছিয়ে পড়েছে। আর ক্রোয়েশিয়া টপ টেন থেকে ছিটকে গেছে।
এফকন চ্যাম্পিয়ন সেনেগালও বড় লাফ দিয়েছে। তারা ৫৮.৭৬ পয়েন্ট অর্জন করে সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে। এর ফলে ইতালি, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, উরুগুয়ে, সুইজারল্যান্ড ও জাপান এক ধাপ করে পিছিয়েছে।
সবচেয়ে বড় একক উন্নতি করেছে ক্যামেরুন। তারা ৪১.৯৬ পয়েন্ট পেয়ে ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪৫ নম্বরে, যা এবারের র্যাঙ্কিংয়ের অন্যতম বড় চমক।
ফিফা র্যাঙ্কিংয়ের নতুন টপ টেন
১. স্পেন — ১,৮৭৭.১৮
২. আর্জেন্টিনা — ১,৮৭৩.৩৩
৩. ফ্রান্স — ১,৮৭০
৪. ইংল্যান্ড — ১,৮৩৪.১২
৫. ব্রাজিল — ১,৭৬০.৪৬
৬. পর্তুগাল — ১,৭৬০.৩৮
৭. নেদারল্যান্ডস — ১,৭৫৬.২৭
৮. মরক্কো — ১,৭৩৬.৫৭
৯. বেলজিয়াম — ১,৭৩০.৭১
১০. জার্মানি — ১,৭২৪.১৫



