ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটের মাঠে কার পক্ষ নেবেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৮:১১ পিএম
২০২১ সালে বার্সেলোনার সভাপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মেসি। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতি নির্বাচন নিয়ে ক্লাবটির অন্দরমহলে উত্তেজনা তুঙ্গে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। 

লাপোর্তা পুনরায় প্রার্থী হলেও এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ে আছেন ভিক্টর ফন্ট। এই নির্বাচন বার্সেলোনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর এখন ক্যাম্প ন্যুয়ের দিকে।

বার্সার এই লড়াইয়ে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যেই ভিক্টর ফন্টের প্রতি সমর্থন জানিয়েছেন। তবে সব আলো যার ওপর, সেই লিওনেল মেসি এখন পর্যন্ত এ বিষয়ে সম্পূর্ণ নীরব।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট এবং ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসি এই নির্বাচনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, তিনি এই নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবেই অংশ নেবেন না এবং ভোটও দেবেন না। এমনকি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎও করবেন না তিনি।

বার্সেলোনা ছাড়ার পর থেকেই বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। সেই সুবাদে ভিক্টর ফন্টের প্রতি মেসির ঝুঁকে থাকার যুক্তিসঙ্গত কারণ থাকলেও, তিনি ফন্টের সঙ্গেও সাক্ষাৎ করবেন না বলে জানা গেছে। 

অথচ ফন্ট প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জিতলে প্রথম কাজ হিসেবেই তিনি মেসিকে ফোন করবেন।

মেসির এই সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ের বার্সা নির্বাচনের তুলনায় একটি বড় পরিবর্তন। অতীতে মেসি নিয়মিতভাবে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতেন এবং ভোট দিতেন। কিন্তু এবার তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করেও মন্তব্য করতে চান না।