ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১০০ দিনেরও কম সময়। ঠিক এই মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স জাতীয় ফুটবল দল। হাঁটুর চোটের কারণে আসন্ন মার্চ উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন ফরাসি এই অধিনায়ক। তবে জাতীয় দলে না থাকলেও, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে মরিয়া হয়ে লড়ছেন এই তারকা ফরোয়ার্ড।
ফরাসি সংবাদমাধ্যম এল’ইকুইপ-এর প্রতিবেদন অনুযায়ী, দিদিয়ের দেশম এবং ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, এমবাপ্পেকে মার্চের আন্তর্জাতিক বিরতিতে দলে রাখা হবে না। মূলত ২০২৫ সালের শেষভাগ থেকে ভোগানো পুরনো হাঁটুর চোট থেকে পূর্ণ সেরে ওঠার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্রান্সের। আগামী ২৬ মার্চ ফক্সবরোতে ব্রাজিলের মুখোমুখি হবে 'লে ব্লুস'রা।
এরপর ২৯ মার্চ মেরিল্যান্ডে কলম্বিয়ার বিপক্ষে লড়বে তারা। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার এটিই শেষ সুযোগ হলেও, এমবাপ্পের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না বর্তমান রানার্সআপরা।
এই অনুপস্থিতি এমবাপ্পের ব্যক্তিগত অর্জনেও কিছুটা বাধা হয়ে দাঁড়ালো। বর্তমানে ফ্রান্সের হয়ে এমবাপ্পের গোল সংখ্যা ৫৫টি। অলিভিয়ের জিরুড-এর করা সর্বকালের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ড ভাঙতে তার প্রয়োজন আর মাত্র ৩টি গোল।
জাতীয় দলে বিশ্রাম পেলেও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের পরিস্থিতি ভিন্ন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ‘লস ব্লাঙ্কোস’রা। বিশেষ করে আগামী ১১ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের মহাগুরুত্বপূর্ণ প্রথম লেগের ম্যাচটি রিয়ালের মৌসুমের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপ্পে আপ্রাণ চেষ্টা করছেন অন্তত বদলি খেলোয়াড় হিসেবেও যেন ১১ তারিখের ম্যাচে মাঠে নামতে পারেন। রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, আমি প্রতিদিন তার সাথে কথা বলছি এবং আমরা নিবিড়ভাবে তার অবস্থা পর্যবেক্ষণ করছি। সে প্রতিদিন উন্নতি করছে। এখন পর্যন্ত সবকিছুই ইতিবাচক এবং সে ধীরে ধীরে ছন্দে ফিরছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন