আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে দীর্ঘদিনের এই সতীর্থকে ছাড়া বিশ্বকাপ কল্পনা করা কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।
তবে একইসঙ্গে সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের প্রতিও পূর্ণ সম্মান জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফ্রান্স এবং পাঁচ দিন পর ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল।
তবে বস্টন ও অরল্যান্ডোতে হতে যাওয়া এই দুই ম্যাচের স্কোয়াডে ৩৪ বছর বয়সি নেইমারকে রাখেননি কোচ আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘ দুই বছর জাতীয় দলের বাইরে রয়েছেন এই নেইমার।
সাবেক সতীর্থের বিষয়ে নিজের ভাবনা ভাগ করে নিয়ে এমবাপ্পে বলেন, নেইমার তো নেইমারই। সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়। বিশ্বকাপ মানেই তারকাদের মেলা, আর আমার কাছে নেইমার অন্যতম সেরা এক তারকা।
তিনি আরও বলেন, তাকে ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেই পারি না। তবে আমার সাবেক কোচ আনচেলত্তির সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যেতে পারি না। আমাদের তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।
নেইমারকে বাদ দেওয়া প্রসঙ্গে ব্রাজিলের ডাগআউটে থাকা আনচেলত্তি জানিয়েছেন, দরজা এখনই বন্ধ হয়ে যায়নি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের মতে, নেইমারও বিশ্বকাপে থাকতে পারে। যদি সে পরবর্তী বিশ্বকাপের আগে ১০০ ভাগ ফিট হতে পারে, তবে অবশ্যই সে থাকবে।
পরিসংখ্যান বলছে, পিএসজিতে ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি সফল মৌসুম একসাথে কাটিয়েছেন এমবাপ্পে ও নেইমার। এই দীর্ঘ সময়ে তারা ক্লাবকে ১৫টি শিরোপা জিতিয়েছেন, যার মধ্যে ৫টি লিগ ওয়ান শিরোপাও রয়েছে।
মাঠের লড়াইয়ে এই জুটি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ১৩৬ ম্যাচে এই দুজনে মিলে মোট ৫৪টি গোলে অবদান রেখেছেন। মজার ব্যাপার হলো, সেখানে এমবাপ্পে ও নেইমার একে অপরকে ঠিক ২৭টি করে গোল করতে সহায়তা করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন