ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপের আগে কেন বরখাস্ত হলো ঘানার কোচ?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৩:০০ পিএম
ঘানার প্রধান কোচ অটো আডো। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ৭২ দিন। ঠিক এমন মূহূর্তে বড়সড় ধাক্কা খেল ঘানা জাতীয় ফুটবল দল। টানা ব্যর্থতা ও প্রস্তুতির ঘাটটির জেরে প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

গত এক সপ্তাহে অস্ট্রিয়ার কাছে ৫-১ এবং জার্মানির কাছে ২-১ গোলে হারের পর অটো আডোর ওপর থেকে আস্থা হারায় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। 

টানা চারটি পরাজয় এবং তার অধীনে আফ্রিকা কাপ অব নেশনসে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি ওটোর নাগালের বাইরে চলে যায়। 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে জিএফএ জানায়, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে ব্ল্যাক স্টারসের প্রধান কোচ অটো আডোর সাথে সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

বিবৃতিতে আরও জানায়, দলের প্রতি তার অবদানের জন্য অ্যাসোসিয়েশন আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। 

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ঘানা পড়েছে বেশ কঠিন গ্রুপে। ২৩ জুন ম্যাসাচুসেটসে থমাস তুখেলের শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। 

এর আগে ১৭ জুন টরন্টোতে পানামা এবং ২৭ জুন ফিলাডেলফিয়াতে ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে আফ্রিকান এই দেশটি। 

অটো আডোর কোচিং ক্যারিয়ার

৫০ বছর বয়সি এই সাবেক মিডফিল্ডার ২০২৪ সালের মার্চে বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্ব ছেড়ে দ্বিতীয় মেয়াদে ঘানার হাল ধরেছিলেন। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন। 

সে সময়ে তার অধীনে দক্ষিণ কোরিয়াকে হারালেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ঘানাকে। এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই বিদায় নিতে হলো তাকে।