ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ ব্যবধানের পরাজয়ে পয়েন্ট হারানোর পাশাপাশি বড় ধরনের ইনজুরি সংকটে পড়েছে চেলসি। দলের তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান ও অধিনায়ক এনজো ফার্নান্দেজের চোট এখন ব্লুজ সমর্থকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের এক পর্যায়ে গোল করার লক্ষ্যে ওয়ান-অন-ওয়ান পজিশনে দৌড়ানোর সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও। চোটের ভয়াবহতা দেখে ড্রেসিংরুমে এই তরুণ তারকাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
কোচ লিয়াম রোজেনিওর জানিয়েছেন, বিরতির সময় এস্তেভাও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। এই চোটের কারণে আসন্ন বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিল দলে তার অংশগ্রহণ এখন বড় ধরনের শঙ্কায় পড়েছে।
অন্যদিকে, দুই ম্যাচের অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই ইনজুরিতে পড়েছেন অধিনায়ক এনজো ফার্নান্দেজ। ম্যাচের শেষ দিকে কাফ মাসলের সমস্যায় মাঠ ছাড়তে হয় তাকে।
তবে কোচ আশা প্রকাশ করেছেন যে এটি বড় কোনো ইনজুরি নয়, বরং কেবল পেশির টান বা ক্র্যাম্প হতে পারে। তা সত্ত্বেও আগামী মঙ্গলবার ব্রাইটনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
লিগ টেবিলের সমীকরণ অনুযায়ী, পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে চেলসি, যদিও লিভারপুল একটি ম্যাচ কম খেলেছে। শীর্ষ পাঁচে থেকে মৌসুম শেষ করার মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করা এখন লন্ডনের এই ক্লাবটির জন্য রীতিমতো 'পাহাড় সমান' চ্যালেঞ্জ।


