কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস বলেছেন, তিনি বিশ্বাস করেন রাউন্ড অব ৩২-এর ম্যাচে তার দেশ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছে আফ্রিকার এই দেশ। সব প্রতিকূলতা কাটিয়ে তারা নকআউট পর্বে খেলারও যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে দারুণ দুটি ড্র করার পর, উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ায় সৌদি আরবের বিপক্ষে তৃতীয় ড্র-ই কেপ ভার্দের পরবর্তী পর্বে ওঠার জন্য যথেষ্ট হয়।
এর পুরস্কার হিসেবে ইতিহাসের প্রথম নকআউট ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে দাপটের সঙ্গে নকআউটে উঠেছে। দলটির হয়ে লিওনেল মেসি তিন ম্যাচে মোট আট গোলের মধ্যে ছয়টি করেছেন। আর্জেন্টিনা গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে পরাজিত করেছে।
দক্ষিণ আমেরিকার দলটি ম্যাচে স্পষ্ট ফেভারিট হলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট নেভেস বিশ্বাস করেন, তার দেশ ইতিহাস গড়ার ধারাবাহিকতা বজায় রেখে আর্জেন্টিনাকে হারিয়ে পরবর্তী পর্বে উঠতে পারে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’
তিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামি। যখন কোনো দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জেতার তীব্র ইচ্ছা থাকে, তখন অনেক কিছুই সম্ভব।’
তিনি আরও বলেন, ‘কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সবসময়ই মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত।’
আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী নেভেস বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, এই ম্যাচটি কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রার অন্যতম বড় মুহূর্ত, কারণ তারা লিওনেল মেসি ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে।
নেভেস বলেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের নিয়তি গড়তে। আর সেই নিয়তির অংশই হলো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া।’
তিনি আরও বলেন, ‘আমরা একই দৃঢ়সংকল্প, একই ইচ্ছাশক্তি এবং জয় ও পরবর্তী পর্বে ওঠার স্বপ্ন নিয়ে আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে মাঠে নামব।’

