ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ উদযাপনে মেক্সিকো সিটিতে ভিড়ের চাপে তিনজনের মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপ উদযাপনকে কেন্দ্র করে মেক্সিকো সিটির রাস্তায় হাজার হাজার ভক্তের অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসরুদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) ভোরে রাজধানীর স্বাস্থ্য সচিবালয় এই তথ্য নিশ্চিত করে।

ঘটনাটি ঘটে ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ ল্যান্ডমার্কের কাছে, যেখানে ৩২ দলের রাউন্ডে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২–০ গোলের জয় উদযাপন করতে হাজার হাজার ফুটবল ভক্ত জড়ো হয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, পাসেও দে লা রেফোর্মার আশপাশের বিভিন্ন স্থানে জরুরি দল তিনজন অচেতন ব্যক্তিকে চিকিৎসা দেয়। রাজধানীর অন্যতম প্রতীকী এই রাজপথ এবং এর আশপাশের রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছিল এবং ফুটবল উদযাপনের জন্য প্রস্তুত করা হয়েছিল।

স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, উন্নত পুনরুজ্জীবন প্রচেষ্টার পর শ্বাসরুদ্ধ হয়ে ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

পরবর্তীতে সচিবালয় আরও জানায়, তৃতীয় মৃত ব্যক্তি ছিলেন ৪৮ বছর বয়সী এক নারী। শ্বাসরুদ্ধ অবস্থায় তাকে কাছের একটি রাস্তায় চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

মেয়র ক্লারা ব্রুগাডা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং সবাইকে ‘সর্বদা দায়িত্ব, যত্ন ও সহানুভূতির সাথে উদযাপন করার’ আহ্বান জানিয়েছেন।

নগর সরকারের হিসাব অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায়, বিশেষ করে অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে, দশ লক্ষেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন।