ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০১:০৬ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নেইমার জুনিয়রকে ঘিরে জল্পনা-কল্পনা তুঙ্গে। চোট কাটিয়ে দলে ফিরলেও এই তারকা ফরোয়ার্ডকে আজ সেলেসাওদের শুরুর একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির মতে, নেইমারের মাঠে নামার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ম্যাচের পরিস্থিতি ও দলের কৌশলের ওপর।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।

নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি আনচেলত্তি। তিনি বলেন, নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।

জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে নেইমারকে মাঠে নামানোর সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন করেননি আনচেলত্তি। পরে তিনি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে নামানোর প্রস্তুতি ছিল।

আনচেলত্তি বলেন, আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০-৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই দলের কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন মনে করিনি।

চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ আসরে অংশ নেওয়া ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলার সুযোগ পেয়েছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে ওই সময়টুকুর জন্য মাঠে নেমেছিলেন তিনি।

নেইমার বেঞ্চে বসে থাকা নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তবে শিষ্যের পেশাদার মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, দলের বৃহত্তর স্বার্থে নেইমার সবসময়ই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।