ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা ফিফার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:০৯ এএম
ছবি- সংগৃহীত

আগামী বছরের ফিফা বিশ্বকাপ জেতা দলের জন্য নির্ধারিত পুরস্কার হবে ইতিহাসে সর্বোচ্চ—প্রায় ৫৫০ কোটি টাকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের প্রতিযোগিতার এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।

বুধবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় জানানো হয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে মোট প্রায় ৮ হাজার কোটি টাকা (৭২৭ মিলিয়ন ডলার) পুরস্কার হিসেবে বিতরণ করা হবে। এর মধ্যে সরাসরি দলগুলোর পারফরম্যান্স অনুযায়ী বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৭ হাজার ২০০ কোটি টাকা (৬৫৫ মিলিয়ন ডলার)।

ফিফা জানায়, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে প্রায় ৯৯ কোটি টাকা, রানার্সআপ দল পাবেন আনুমানিক ৩৬০ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে সর্বোচ্চ ৫৫০ কোটি টাকা।

এদিকে কাতার বিশ্বকাপ ২০২২ জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল প্রায় ৪৬০ কোটি টাকা। ২০১৮ সালে ফ্রান্সের প্রাপ্তি ছিল প্রায় ৪২০ কোটি টাকা।

বিশ্বকাপের টিকিটমূল্য নিয়ে সমালোচনার মধ্যে ফিফা জানিয়েছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমিয়ে প্রায় ৬,৬০০ টাকায় (৬০ ডলার) নামানো হয়েছে। একই সঙ্গে পুরস্কারমূল্য বাড়িয়ে প্রতিযোগিতার আর্থিক গুরুত্ব আরও জোরালো করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের মূল আসর শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে।