ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্বে ২০২৫ সালে নিহত হয়েছেন ১২৮ সাংবাদিক : আইএফজে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:৫১ পিএম
দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে)। ছবি : সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস ( আইএফজে)। বুধবার (৩১ ডিসেম্বর) বেলজিয়ামের ব্রাসেলস থেকে প্রকাশিত আইএফজের বার্ষিক প্রতিবেদনে  এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত হয়েছেন; যা আগের বছরের তুলনায় বেশি। ১২৮ জনের মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। ইউরোপে প্রাণ হারিয়েছেন ১০ জন, আফ্রিকায় ১৮ এবং আমেরিকায় ১১ জন। 

আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বলেন, ‘এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট।’

প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইএফজে জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিন ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।

বেলাঙ্গার বলেন, ‘এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুলসংখ্যক সংবাদকর্মীর মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।’

ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে।

হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দি করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ সাংবাদিক কারাগারে রয়েছেন; যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দি আছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের জন্য চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার গণনা পদ্ধতির ভিন্নতার কারণে নিহতের পরিসংখ্যানে কিছুটা পার্থক্য থাকে। আইএফজের তালিকায় ৯ জন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউনেসকোর হিসাবে এ সংখ্যা ৯৩।