সুইজারল্যান্ডের একটি স্কি রিসোর্টের বারে আগুনে নিহত প্রথম চারজনের পরিচয় পুলিশ নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, দুই জন সুইস নারী (২১ ও ১৬ বছর) এবং দুই জন সুইস পুরুষ (১৮ ও ১৬ বছর)। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভ্যালাইস ক্যান্টোনাল পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের সঙ্গে মিলিতভাবে ‘বিস্তৃত’ তদন্তের মাধ্যমে এই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। তবে এখনও অনেক হতাহত ও নিখোঁজ ব্যক্তির পরিচয় খুঁজে বের করার কাজ চলমান।
ক্রান্স-মন্টানার লে কনস্টেলেশন বারে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছেন। বহু আহতের পরিচয় জানা গেলেও অনেক পরিবার এখনো নিখোঁজ আত্মীয়ের খবরের অপেক্ষায় রয়েছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, শ্যাম্পেইন বোতলে স্পার্কলার ব্যবহার এবং তা ছাদের খুব কাছে আনা আগুন লাগার মূল কারণ হতে পারে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনার কথা উল্লেখ করে বলেন, এটি দেশের অভিজ্ঞ সবচেয়ে ভয়ঙ্কর দূর্ঘটনাগুলোর একটি।
নিহত ও নিখোঁজদের মধ্যে অনেকই কিশোর। লে কনস্টেলেশন বারটি রিসোর্টে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল, যেখানে মদ্যপানের বৈধ বয়স ১৬ বছর। আহতদের মধ্যে ৭১ জন সুইস, ১৪ জন ফরাসি ও ১১ জন ইতালীয় নাগরিক রয়েছেন।
সূত্র : বিবিসি


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন