ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৮:৪৮ এএম
ছবি : সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নৌসদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে ড্রোনের মাধ্যমে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালানো হয়েছে।

তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’কে লক্ষ্য করে টর্পেডো হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। ওই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন বলে দাবি করা হয়।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলির এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব।

সূত্র: আল জাজিরা