ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় মুসল্লিরা নামাজ আদায়ের চেষ্টা করলে তাদের ওপর টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছোড়ে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক মুসল্লি মসজিদের আশপাশের সড়কে নামাজ পড়তে বাধ্য হন। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষও কাছাকাছি এলাকায় মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরান শহরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক স্থানে টিয়ার গ্যাস ব্যবহার করে জনসাধারণকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং অন্তত একজনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, প্রায় ২১ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রয়েছে। ঈদের দিনও মুসল্লিদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। জেরুসালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ থাকায় ফিলিস্তিনিরা মসজিদে যেতে পারেননি, যার কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়েছে এবং ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়টি ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।


