পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সমন্বিত হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৯২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এসব হামলায় ১৮ বেসামরিক নাগরিক ও ১৫ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
আইএসপিআর এক বিবৃতিতে জানায়, শনিবার (৩১ জানুয়ারি) ভারত-সমর্থিত সশস্ত্র সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’ (এফএএইচ) কোয়েটা, মাসতুং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদর ও পাসনিসহ বিভিন্ন জেলায় একযোগে হামলা চালায়। এসব হামলায় নারী, শিশু, বৃদ্ধ ও শ্রমিকসহ ১৮ নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন।
বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে ব্যাপক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এতে তিনজন আত্মঘাতী হামলাকারীসহ ৯২ সন্ত্রাসী নিহত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘নিরাপত্তা বাহিনী অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সন্ত্রাসীদের অপতৎপরতা ব্যর্থ করে দিয়েছে।’ তবে অভিযানের সময় তীব্র সংঘর্ষে ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হন।
আইএসপিআর জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হয়, যাতে হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহায়তাকারীদের গ্রেপ্তার করা যায়।
আইএসপিআর দাবি করেছে, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে অবস্থানরত সন্ত্রাসী নেতাদের নির্দেশে পরিচালিত হয়েছে এবং তারা পুরো সময় হামলাকারীদের সঙ্গে যোগাযোগে ছিল।

-20260201083803.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন