ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০২:৩০ পিএম
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, সুনান এলাকা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ায় নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যেই সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও এই ঘটনা নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক উপ-আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি এশিয়া সফরে ছিলেন।

নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ডের’ (এফএস) প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। মহড়াটি ৯ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। উত্তর কোরিয়া মহড়াটিকে ‘আক্রমণাত্মক’ আখ্যা দিয়েছে।

এদিকে, কিম ইয়ো-জং সতর্ক করে বলেন, শত্রুপক্ষের বাহিনী যদি আমাদের সার্বভৌম নিরাপত্তার নিকটে সামরিক উসকানি চালায়, তবে তা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

সূত্র : চসুন ডেইলি