ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ থেকে সরে এলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ১২:৩৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ন্যাটোর সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির বিষয়টি যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ যে আটটি ইউরোপীয় দেশ দ্বীপটি অধিগ্রহণের বিষয়ে বিরোধিতা করেছিল তাদের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসারও কথা জানিয়েছেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে অংশ নেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সব কথা জানান।

ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। তিনি জানান, এ বৈঠকের ওপর ভিত্তি করে তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ‘ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা’ তৈরি করেছেন।

ট্রাম্প আরও বলেন, ‘এই সমাধান যদি চূড়ান্ত হয়, তবে সেটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেশগুলো—সবার জন্যই একটি চমৎকার বিষয় হবে।’

ওই পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, ‘এই বোঝাপড়ার ওপর ভিত্তি করে আমি আগামী ১ ফেব্রুয়ারি থেকে (ইউরোপের আট দেশের ওপর) কার্যকর হতে যাওয়া শুল্ক আরোপ করছি না।’ 

তবে তিনি জানান, গ্রিনল্যান্ডের সঙ্গে সম্পর্কিত ‘দ্য গোল্ডেন ডোম’ নিয়ে অতিরিক্ত আলোচনা চলমান। আলোচনার অগ্রগতির বিষয়টি পরবর্তী সময় জানানো হবে।

এর আগে দাভোসে গতকাল ডব্লিউইএফের বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের কাছেই থাকা উচিত। তবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে বলপ্রয়োগ করা হবে না।

গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্পের ভাষ্য, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের বরফ গলছে এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মূলত রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে গ্রিনল্যান্ডসহ পুরো আর্কটিক অঞ্চলে নিরাপত্তার সন্ধানে রয়েছে ওয়াশিংটন। এ জন্য গ্রিনল্যান্ডের মালিকানা চান ট্রাম্প। 

তবে ট্রাম্পের এমন নীতির বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সূত্র : বিবিসি