ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবারও তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:০১ পিএম
ছবি : সংগৃহীত

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ আঙ্কারার। এরই পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে তারা ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেবে। 

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর তা প্রতিহত করা হয়েছে—এমন দাবির পর এ হুঁশিয়ারি দেওয়া হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘তুরস্ক সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যেকোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা পুনরায় মনে করিয়ে দিচ্ছি যে, এ বিষয়ে তুরস্কের সতর্কতাগুলো মেনে চলা সবার জন্যই মঙ্গলজনক।’

এর আগে গত সপ্তাহেও তুরস্ক ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলেছিল, যা ইরানের সশস্ত্র বাহিনী অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা