ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপ তুঙ্গে, মোদি–মমতা–শাহর পাল্টাপাল্টি আক্রমণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:৪৯ এএম
নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় । ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা এখন তুঙ্গে। শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক জনসভা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং বাঁকুড়ার কুশমণ্ডিতে তিনটি জনসভায় অংশ নেন। এসব সমাবেশে তিনি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বক্তব্য দেন।

তিনি বলেন, বাংলা পরিবর্তনের জন্য প্রস্তুত। তৃণমূলের ‘ভয়’ সরিয়ে মানুষ এবার বিজেপির প্রতি আস্থা দেখাচ্ছে। তার ভাষায়, এটা তো ট্রেলার মাত্র, আসল ছবি সামনে।

মোদি আরও বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর হলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসানের আহ্বান জানান।

অমিত শাহ

অন্যদিকে, বাঁকুড়ার ওন্দা, ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডিতে জনসভা করেন অমিত শাহ। ওন্দার সমাবেশে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ আখ্যা দিয়ে বলেন, এবার বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তার অভিযোগ, তৃণমূলের ‘গুন্ডারাজ’ বন্ধ করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের কেশিয়ারি, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী জনসভা করেন। তিনি বিজেপিকে লক্ষ্য করে বলেন, বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এবং রেশন সুবিধা বন্ধ করা হয়েছে।

মমতা আরও অভিযোগ করেন, বিজেপি হলদিয়া বন্দর বিক্রি করে দিয়েছে এবং ক্ষমতায় এলে খাদ্যাভ্যাসেও বিধিনিষেধ আরোপ করতে পারে। তিনি বলেন, বিজেপি থেকে সাবধান।

তিনি দাবি করেন, এবারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যাবে।