ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে বয়লার বিস্ফোরণে নিহত ১১ শ্রমিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:৫৭ এএম
বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে বয়লার টিউব বিস্ফোরিত হয়। ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে এ তথ্য জানা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলের বয়লার কক্ষে এখনো কয়েকজন কর্মী আটকে থাকতে পারেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শক্তি জেলার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত লিমিটেডের বিদ্যুৎকেন্দ্রে একটি বয়লার টিউব বিস্ফোরিত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে সরকার রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বেদান্ত লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, বয়লার কক্ষটি সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না। ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাব-কন্ট্রাক্টর এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।