ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ভারতের এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, নিহত ৮

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি : সংগৃহীত

ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

মঙ্গলবার গভীর রাত, স্থানীয় সময় প্রায় আড়াইটার দিকে রাজস্থানের দৌসা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাস ও ট্রাক উভয় যানবাহনেই আগুন ধরে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনে ঘেরা যানবাহনের ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংঘর্ষের তীব্রতায় বাসের উপরের বার্থে থাকা কয়েকজন যাত্রী নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন আগুনে দগ্ধ হয়ে এবং দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া বাসটির অতিরিক্ত গতিও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে তদন্তে গুরুত্ব পাচ্ছে।

সূত্র: এনডিটিভি