ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:১৬ এএম

মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সাংবাদিকরা জেলায় মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, যানজট, শব্দ দূষণ, ইভটিজিং ও অবৈধ সিএনজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সংকট তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের পরামর্শ দেন। এ সময় পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, সীমান্ত জেলা হিসেবে মৌলভীবাজারে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। তবে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।