সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে এ হামলার জন্য কে বা কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।
সুদানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বাড়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
মানবাধিকার সংগঠন নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ ড্রোন হামলা চালানো হয়। হামলার পর বাজারের অসংখ্য দোকানে আগুন ধরে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানায়নি সংগঠনটি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে শুরু হওয়া সংঘর্ষ ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ২০ লাখ মানুষ। একই সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে মারাত্মক দুর্ভিক্ষ পরিস্থিতি।
সূত্র: দ্য নিউ আরব

