ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কিন হামলার শঙ্কায় ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে খামেনি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কা জোরালো হওয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাজধানী তেহরানের একটি বিশেষভাবে নির্মিত ভূগর্ভস্থ নিরাপদ স্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা পর্যায়ের কর্মকর্তারা মার্কিন হামলার ঝুঁকি বাড়ছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত তাকে একটি সুরক্ষিত বাঙ্কারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ওই আশ্রয়কেন্দ্রটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত এবং একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত। সংকটময় মুহূর্তে দ্রুত স্থান পরিবর্তন, যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার সুবিধা নিশ্চিত করতেই এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে।

এদিকে, খামেনির দপ্তরের অভ্যন্তরীণ কার্যক্রমেও পরিবর্তন এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তার তৃতীয় পুত্র মাসুদ খামেনি দপ্তরের দৈনন্দিন কার্যক্রম তদারক করছেন। তিনি কার্যত বিভিন্ন নির্বাহী ও প্রশাসনিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার মূল দায়িত্ব পালন করছেন।

এই বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশটির সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং শীর্ষ নেতৃত্বের চলাচলে পরিবর্তন পরিস্থিতির গভীরতা স্পষ্ট করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায় ইসরায়েলও সতর্ক অবস্থান নিয়েছে। যদিও এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সামরিক মোতায়েন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এই বহরের অংশ হিসেবে অঞ্চলটিতে পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।