ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এবার মোজতবা খামেনিকে হত্যার হুমকি নেতানিয়াহুর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:৪১ এএম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর দেওয়া প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে অবস্থান তুলে ধরেন।

নেতানিয়াহু বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার পর ইরান ‘আর আগের অবস্থায় নেই’। তার দাবি, তেহরানের এলিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরান যাতে তাদের পারমাণবিক ও ব্যালিস্টিক কর্মসূচি ভূগর্ভে সরিয়ে নিতে না পারে, সে লক্ষ্যেই হামলা চালানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক কিছু হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে ২ মার্চ থেকে ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। নেতানিয়াহু তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কী ব্যবস্থা নিতে পারে—এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসী সংগঠনের নেতাদের কারও জন্যই আমি কোনো জীবনবিমা দিতাম না। আমরা কী পরিকল্পনা করছি বা কী করতে যাচ্ছি, সে বিষয়ে এখানে সুনির্দিষ্ট কিছু বলতে চাই না।

তিনি আরও দাবি করেন, তেহরান ও হিজবুল্লাহ এখন আর আগের মতো হুমকি তৈরির অবস্থানে নেই। একই সঙ্গে ইরানে সরকার পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করা সম্ভব, তবে রাস্তায় নামার দায়িত্ব ইরানের জনগণের।

নেতানিয়াহু আরও জানান, তিনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন এ বিষয়ে আলোচনা করছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান