ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:০১ পিএম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি স্থানে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা জানায়, আকাশপথে আসা এ হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তাও দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব শহরের কয়েকটি স্থানে গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা তদন্ত করছে ইসরায়েলি পুলিশ। এক পুলিশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত স্থানগুলো ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্য ও বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল কাজ করছে।

তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামায় ভোরের দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।

বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় বাহরাইনে দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান