মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে সব ধরনের সশরীরে স্কুল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা কার্যক্রম ভার্চুয়াল বা অনলাইন পদ্ধতিতে পরিচালিত হবে।
রোববার (১৫ মার্চ) টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় ইরানের ফারস নিউজ এজেন্সি শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতি আগামী কয়েক সপ্তাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্কুল খুলে সশরীরে পাঠদান চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপাতত চলতি মাসের শেষ পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব শিক্ষা খাতে পড়ায় সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ অবস্থায় অনলাইনের মাধ্যমে পাঠদান চালিয়ে যেতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তেহরানে যুদ্ধ শুরু হওয়ার পর মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় শিশু ও ছাত্রীসহ অন্তত ১৭০ জন নিহত হওয়ার ঘটনা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও ব্যাপক সমালোচনা চলছে।


