লেবাননের সঙ্গে তাদের ‘কোনো যুদ্ধবিরতি নেই’- এমন মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
লেবাননে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও হামলা এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘লেবাননে রাজনৈতিক মহল থেকে আমাদের ওপর অর্পিত দায়িত্ব হলো জনবসতিগুলোর ওপর সরাসরি গোলাবর্ষণ প্রতিরোধের জন্য প্রতিরক্ষা রেখা বরাবর অবস্থান নেওয়া। আমরা তা করতে পেরেছি; এটাই আমাদের অবস্থান। আমাদের হয়তো এখানেই থাকতে হতে পারে।’
দক্ষিণ লেবাননে মোতায়েন সৈন্যদের সঙ্গে দেখা করতে গিয়ে জামির বলেন, ‘রণক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই; আপনারা উত্তরাঞ্চলের জনপদগুলো থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি দূর করতে, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে এবং তাদের খুঁজে বের করে নির্মূল করতে লড়াই চালিয়ে যাচ্ছেন।’
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত ২ হাজার ২৯০ জনকে হত্যা করেছে এবং দেশজুড়ে প্রায় ১২ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।

