ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে আরোপিত অনেক সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করতে শুরু করেছে সংশ্লিষ্ট দেশগুলো। এরই অংশ হিসেবে দীর্ঘদিন পর অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরেছে আরব আমিরাতের বিমান চলাচল ব্যবস্থা।
আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচালনগত ও নিরাপত্তা পরিস্থিতির বিস্তারিত মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি যে প্রাথমিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা এখন প্রত্যাহার করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, বিভিন্ন সংস্থার সহযোগিতায় নিরাপত্তা ও পরিচালনগত পরিস্থিতি যাচাই-বাছাইয়ের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এটি দেশে স্বাভাবিক বিমান চলাচল কার্যক্রম পুনরায় চালুর দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে উন্নত নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত হয়েছে বলে মনে করা হচ্ছে, যা স্বাভাবিক বিমান ভ্রমণ কার্যক্রম পুনরায় শুরু করার পথ সুগম করেছে। বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ঝুঁকি হ্রাস নিশ্চিত হওয়ায় নিয়মিত ফ্লাইট সূচিতে ফিরে আসা সহজ হয়েছে।

