ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে তেলের দাম আকাশছোঁয়া হওয়ায় ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দেশজুড়ে এ জরুরি অবস্থা জারি করা হয়।
নির্বাহী আদেশ ১১০-এ মার্কোস বলেছেন, জ্বালানি বিভাগ (ডিওই) নির্ধারণ করেছে- যা চলমান জ্বালানি সংকট দেশের বিদ্যুৎ সরবরাহের জন্য ঝুঁকি তৈরি করছে।
মার্কোস বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতার ওপর সৃষ্ট আসন্ন বিপদের পরিপ্রেক্ষিতে এতদ্বারা জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
এই আদেশের অধীনে ডিওইকে লোড সমন্বয়সহ জ্বালানি সীমাবদ্ধতার কার্যক্রম বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়াও মুনাফাখোরি ও মজুতদারির বিরুদ্ধেও ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
রাষ্ট্রপতি জানান, প্রচেষ্টা সমন্বয়ের জন্য ‘ইউনিফাইড প্যাকেজ ফর লাইভলিহুডস, ইন্ডাস্ট্রি, ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট (ইউপিএলআইএফটি)’ নামে একটি সমন্বিত সরকারি উদ্যোগ নেওয়া হবে।
ইউপিএলআইএফটিকে খাদ্য সরবরাহ শৃঙ্খল, জ্বালানির মূল্য পর্যবেক্ষণ, পরিবহন তদারকি ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য খাতে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
এ ছাড়া কমিটিকে এমন দীর্ঘমেয়াদি সমাধান বের করতে বলা হয়েছে, যা দেশের জ্বালানিনির্ভরতা কমাতে সহায়তা করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন