গুয়াতেমালার ইন্টার-আমেরিকান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে। আহতদের দুর্ঘটনাস্থলের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুর্গম ভূপ্রকৃতির কারণে ‘আলাস্কা পিক’ নামে পরিচিত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম গুয়াতেমালার তোতোনিকাপান বিভাগের অন্তর্গত ওই এলাকায় ঘন কুয়াশার কারণে প্রায়ই যানবাহন চালকদের দৃষ্টিসীমা কমে যায়।
আমাদো আরও জানান, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তবর্তী সান মার্কোস বিভাগের উদ্দেশে যাত্রারত বাসটি প্রায় ৭৫ মিটার (২৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।
শনিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দমকল বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, খাদে পড়ে থাকা বিধ্বস্ত বাসটির চারপাশে উদ্ধারকাজে ব্যস্ত দমকলকর্মীরা হতাহতদের উদ্ধার করছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের স্বজনরা ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতালগুলোতে তাদের প্রিয়জনদের খোঁজে ছুটে আসেন।
চলতি বছরের শুরুতে দেশটিতে একই ধরনের আরেকটি বাস দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
ইন্টার-আমেরিকান মহাসড়ক প্যান-আমেরিকান মহাসড়ক ব্যবস্থার মধ্য আমেরিকান অংশ। এই অংশটি মেক্সিকোর নুয়েভো লারেডো থেকে পানামার পানামা সিটি পর্যন্ত বিস্তৃত। আর প্যান-আমেরিকান হাইওয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশজুড়ে বিস্তৃত একটি বিশাল সড়ক নেটওয়ার্ক, যা প্রায় ৩০,০০০ কিলোমিটার দীর্ঘ এবং বিশ্বের দীর্ঘতম গাড়ি চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃত।



