ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অভিশংসিত হলেন পেরুর প্রেসিডেন্ট

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৫ এএম
হোসে হেরি । ছবি : এএফপি

এক দশক ধরে রাজনৈতিকভাবে টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ পেরু। এবার ক্ষমতা গ্রহণের মাস চারেকের মাথায় কংগ্রেসের অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। একজন চীনা ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের খবর গোপন রাখা–সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসনের মুখে পড়েন তিনি।

চিফাগেট কেলেঙ্কারি কী?

‘চিফা’ হলো পেরুর একটি চীনা রেস্তোরাঁর নাম। এ রেস্তোঁরা নিয়ে ছড়িয়ে পড়া বিতর্ককে চিফাগেট কেলেঙ্কারি বলা হয়। গত মাসে এই কেলেঙ্কারির শুরু।

সম্প্রতি গভীর রাতে হুডি পরে ওই রেস্তোরাঁয় ঢুকছেন হেরি। সেখানে তিনি চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে দেখা করেন। এই ব্যবসায়ীর পেরুতে বেশ কিছু দোকান রয়েছে। এ ছাড়া একটি জ্বালানি প্রকল্পের অনুমোদন পেয়েছেন। বৈঠকটির কথা প্রকাশ্যে জানানো হয়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাবের পক্ষে পেরুর কংগ্রেসের ৭৫ সদস্য ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২৪ জন। তিনজন ভোটদানে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপ্রধান অভিশংসিত হওয়ার মধ্য দিয়ে ধারাবাহিক এ পরিস্থিতি আরও দীর্ঘায়িত হচ্ছে। এ নিয়ে পেরুতে হোসে হেরিসহ পরপর তিনজন রাষ্ট্রপ্রধানকে পদ থেকে অপসারণ করা হলো। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আগামী ১২ এপ্রিল পেরুতে নির্বাচন হওয়ার কথা। তার আগে দেশটি একজন অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান পাবে।

পেরুর সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে কংগ্রেসের বর্তমান প্রধান ফার্নান্দো রসপিগলিওসির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন। তবে তিনি প্রেসিডেন্ট হতে অস্বীকৃতি জানিয়েছেন। এ কারণে আইনপ্রণেতারা কংগ্রেসের নতুন একজন প্রধান নির্বাচন করবেন। তিনি রাষ্ট্রপ্রধানের পদেও বসবেন।