লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে বাধা দিয়েছে খালিস্তানপন্থীরা। শনিবার (২৭ ডিসেম্বর) হাইকমিশনের বাইরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিক্ষোভটি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল। তবে সমাবেশ চলাকালে খালিস্তানপন্থীরা সেখানে উপস্থিত হয়ে ভারতবিরোধী স্লোগান দেন এবং খালিস্তানি পতাকা প্রদর্শন করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের সমন্বয়ক পরমজিত সিং পাম্মা এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে স্বল্প সময়ের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা লন্ডন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করেন। তারা দুই পক্ষকে আলাদা করে হাইকমিশন ভবনের আশপাশ থেকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
ইউকে ইনসাইট গ্রুপের প্রতিনিধি মনু খাজুরিয়া বলেন, সংখ্যালঘু অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলার উদ্যোগে খালিস্তানপন্থীদের এমন বাধা অপ্রত্যাশিত। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

