ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে: ট্রাম্প

রয়টার্স
প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৫৭ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাব দেয়। এতে দুই দেশ সম্মত হলে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে একটি সমঝোতা চুক্তির পথে এগোনোর কথা ছিল।

গত রোববার ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। জবাবে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায় তেহরান।

ইরানের জবাবের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।

পরে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন বড় ধরনের লাইফ সাপোর্টে আছে। যেন একজন চিকিৎসক এসে বলছেন, ‘আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

তবে একই সঙ্গে তিনি আশাবাদও ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, আমি মনে করি চুক্তি হওয়া সম্ভব। আমি তাদের সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু পরে তারা মত বদলে ফেলে।

তিনি আরও দাবি করেন, ইরানের নেতারা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে প্রথমে সম্মত হয়েছিলেন। পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। প্রায় ছয় সপ্তাহের যুদ্ধের পর গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

তবে এ সময়েও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবানন সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন।